আনহেল ডি মারিয়া অবসর নিয়ে নিয়েছেন। লিওনেল মেসি আর কতদিন খেলবেন সেটাও অনিশ্চিত। আগামী ২০২৬ বিশ্বকাপের সময় মেসি কোন অবস্থায় থাকবেন- সেটাও বলা মুশকিল। কথা হলো, এই দুই সুপারস্টারের বিকল্প হিসেবে কাদের ভাবছে আর্জেন্টিনা? মেসিদের প্রধান কোচ লিওনেল স্কালোনি অবশ্য এই দুজনের বিকল্প ভাবতেই রাজি নন।
মেসি এবং ডি মারিয়াকে নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি বলেন, 'তাদের কোনো বিকল্প হয় না। তারা এমন কোনো খেলোয়াড় নয়, যাদের বিকল্প তৈরি করা যায়। ফিদেও (ডি মারিয়া) আর ফিরবে না। আমরা তার জায়গায় কোনো বিকল্প তৈরির চেষ্টা করব না, কারণ এটা ভুল হবে। তার মতো কেউ নেই। সে রাইট এবং লেফট উভয় দিকেই দলকে সার্ভিস দিয়ে গেছে। আমরা এমনই একজন খেলোয়াড়কে খোঁজার চেষ্টা করব।'
গত কোপা আমেরিকার শিরোপা জিতে ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। অন্যদিকে ইনজুরির কারণে কোপায় মেসি ছিলেন বিবর্ণ। এই দুজনকে ছাড়া আর্জেন্টিনা দল কেমন হবে? এমন প্রশ্নে স্কালোনি বলেছেন, 'আমি বলছি না যে সব বদলে ফেলতে হবে, কিন্তু খেলার ধরনটা বদলে ফেলা যেতে পারে। কারণ, তারা তো এখন নেই।'