কারাগার থেকে পালানোর ৪০ দিন পর গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

কাশিমপুর কারাগার থেকে পালানোর ৪০ দিন পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন মোড়লকে (৪৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। গাজীপুরে শ্রীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৬ সেপ্টেম্বর) র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তেলিহাটির ইউনিয়নের টেংরা এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিদ্রোহ হয়। এ সময় অন্যান্য আসামিদের সঙ্গে কামাল হোসেন বিদ্যুতের পিলার ভেঙে সেটি দিয়ে মই বানিয়ে কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যায়। এ ঘটনার কাশিমপুর কারাগারের জেলার লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

র‍্যাবের গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজ্ড কোম্পানীর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মাহফুজুর রহমান জানান, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানায় গ্রেপ্তারকৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে।  

জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। দেশের অস্থিতিশীল পরিস্থিতির সময় কাশিমপুর কারাগারেও বিদ্রোহ দেখা দেয়। এ সুযোগে কারাগার থেকে পালিয়ে যান হত্যা দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল। পালানোর পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারে মাঠে নামে।