নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো নয়াপল্টন এলাকা।
তীব্র রোদ উপেক্ষা করে মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে উল্লাস করছেন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান, তাতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।
দুপুর আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। এদিকে বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ, শান্তিনগর, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় করছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য দেবেন।