ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সকল প্রকার দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় একদল শিক্ষার্থী। দাবি বাস্তবায়নে কয়েকদিন ধরেই নানা কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার একটি বিক্ষোভ সমাবেশে আবারও তারা এ দাবি তুলে ধরেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে কলাভবন হয়ে পরবর্তীতে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশ করে আবারও ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে ধরেন তারা।
যতদিন দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত ক্লাসে ফিরবে না এবং রাজনীতি বন্ধ করতে আন্দোলন চলমান থাকবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, রাজনীতি থাকলে আমাদের মতো যারা সাইন্স ফ্যাকাল্টিতে আছি তাদের পড়াশোনা হবে না। ছাত্রলীগের রাজনীতি থাকাকালীন আমাদের সকাল ১০ টায় প্রোগ্রামে গিয়ে একদম বিকেল পর্যন্ত প্রোগ্রাম থাকতে হতো। এমনকি ক্লাস থাকলেও আমাদের জোর করে প্রোগ্রামে নিয়ে যেত ছাত্রলীগ। আমরা আর এ ধরণের রাজনীতি দেখতে চাইনা এই ক্যাম্পাসে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী বায়জিদ ইসলাম বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি না থাকলে গত ১৫ জুলাই ছাত্রলীগ টোকাই ভাড়া করে আমাদের ভাই-বোনদের রক্তাক্ত করতে পারতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি হবে ডাকসু নির্ভর। যারা আমাদের ক্যাম্পাসে রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবে সাধারণ শিক্ষার্থীরা তাদের কালো হাত ভেঙে দিবে।