যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা উদ্যাপন করেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা বান্দরবানে বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে।
এসময় বিহারে গিয়ে পুণ্য লাভের আশায় বুদ্ধকে অনুসরণ করে তাদের নিজ সামর্থ্য অনুযায়ী ভিক্ষুদের মধু পূজা পাশাপাশি বিভিন্ন ফলমূল, মধুমিশ্রিত পায়েস দান এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় সভা ও বুদ্ধ-কীর্তনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে ভাদ্র পূর্ণিমা বলা হয়।