কাজের কথা বলে তিন যুবককে থাইল্যান্ডে বিক্রির অভিযোগে গুজরাট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তরাখণ্ড পুলিশ। পুলিশ জানিয়েছে, গত ১০ জুলাই বনবাসার বাসিন্দা রাজেন্দ্র সৌন অভিযোগ করে জানান, তার ছেলে ললিত বন্ধু বিকাশ ও কমলেশের সঙ্গে চাকরির খোঁজে ব্যাংকক গিয়েছিল। তবে রাজেন্দ্র তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজেন্দ্র সৌনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। চম্পাওয়াতের পুলিশ সুপার অজয় গণপতি জানিয়েছেন, তদন্তে পুলিশ জানতে পেরেছে রাহুল উপাধ্যায় নামে এক ব্যক্তি তার বন্ধু গুজরাটের জয় জোশীকে সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডের সাত যুবককে ফোন করে চাকরির নাম করে ব্যাংককে পাঠিয়ে দেয়। এরপর ১০ হাজার থাই বাথের বিনিময়ে ওই যুবকদের একটি বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দেন তারা।
গণপতি বলেন, পুলিশ আরও জানতে পেরেছে যে ওই সংস্থাটি যুবকদের মিয়ানমারের একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং তাদের সাইবার অপরাধে জড়িত হতে বাধ্য করে।
পুলিশ জোশীকে গ্রেপ্তার করেছে এবং সোমবার তাকে আদালতে পাঠিয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, উপাধ্যায় দুবাই যাচ্ছে বলে তাদের কাছে খবর এসেছে।
নিখোঁজ যুবকদের উদ্ধার করে ভারতীয় দূতাবাসের সহায়তায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গণপতি।