চট্টগ্রামে প্রয়াত সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলের কবর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে বোয়ালখালী উপজেলার সারোয়াতলীর গ্রামে পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
প্রয়াত বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ছিলেন। গতকাল হামলার পর ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়ে থানায় অভিযোগ করেছেন তার স্ত্রী সেলিনা খান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ‘সাবেক এমপি মইন উদ্দীন খান বাদলের কবরে কিছু দুর্বৃত্ত ভাঙচুর ও আগুন দিয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।’
সেলিনা খান গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে আমার স্বামীর কবরস্থানের ওপরের গাছ, ফটক ও নামফলক ভাঙচুর করে। এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয়। এ সময় আমরা কেউ ছিলাম না। থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ সরকারের আমলে যদি একজন মৃত মানুষ কবরেও শান্তিতে থাকতে না পারে, তাহলে আমরা কোথায় যাব? আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’
মইন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর তিনি মারা যান।