মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টাকে চিঠি দেবে বিএনপি

বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা, বানোয়াট ও গায়েবি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গত সোমবার রাতে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ী কমিটির সভায় আগামী সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বলা হয়, সভায় বাণিজ্য সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মনিটরিং করা জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক এবং ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এ ছাড়া রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর ও সম্প্রচারের জন্য গঠিত কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ কমিটির গৃহীত সিদ্ধান্তসমূহ সভায় উপস্থাপন করেন। সভা তা অনুমোদন করে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।