সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩ সেপ্টেম্বর দেওয়া অ্যাডহক চিকিৎসকদের প্রমার্জনার সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, পিএসসি কর্তৃক অ্যাডহক চিকিৎসকদের অবৈধ প্রমার্জনা প্রদান করার পক্ষে সব ধরনের সুপারিশকৃত প্রজ্ঞাপন বাতিল করতে হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে বিধিমোতাবেক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এসব দাবিতে গতকাল সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পিএসসি ঘেরাও কর্মসূচি পালন করেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা। তারা অ্যাডহক চিকিৎসকদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নের নানা অসংগতি ও অনিয়ম তুলে ধরেন।
এ সময় কর্মসূচির মুখপাত্র ও সংগঠনের শেরেবাংলা নগর ইউনিটের সদস্য সচিব ডা. নিহার রঞ্জন দাস বলেন, বারবার সতর্ক করার পরও যদি এ সরকারের সময়ে বিগত সরকারের অসমাপ্ত অবৈধ কাজগুলো বৈধতা দেওয়া হয় তাহলে ৩৫ হাজার ক্যাডার চিকিৎসক কোনোভাবেই তা মানবেন না।
চিকিৎসকরা জানান, একই দাবিতে আজ বুধবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।