আত্মার সভায় বক্তারা

তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী আইনের বিকল্প নেই

বাংলাদেশে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ তামাক ব্যবহারের কারণে মারা যায়। শক্তিশালী তামাককর পদক্ষেপ ও তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের মাধ্যমে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব বলে মতামত জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা। গতকাল মঙ্গলবার রাজধানীর বিএমএ ভবনে এক সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।  সভায় জানানো হয়, তামাক ব্যবহার নিরুৎসাহিত করার জন্য কর বৃদ্ধির মাধ্যমে তামাক পণ্যের মূল্য বৃদ্ধি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি। বাংলাদেশে তামাককর কাঠামো ত্রুটিপূর্ণ এবং তামাকপণ্য অত্যন্ত সস্তা ও সহজলভ্য। ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী তামাক ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে, তামাক ব্যবহারজনিত মৃত্যু ও অসুস্থতা বৃদ্ধি পাওয়ায় সরকারের স্বাস্থ্য ব্যয়ও বেড়ে যাচ্ছে।

সভায় ৫৩ জন সদস্যের উপস্থিতিতে সংগঠনের কার্যক্রম এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন আত্মার কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞার হাসান শাহরিয়ার। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান এবং বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন রিতা, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজর মো. মোস্তাফিজুর রহমান, আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ এবং সদস্য সচিব এবিএম জুবায়ের প্রমুখ। বিজ্ঞপ্তি