ফের ট্রাম্পকে হত্যাচেষ্টা দুষলেন ডেমোক্র্যাটদের

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। দুই প্রার্থীর কথার লড়াইয়ের পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ভোটারদের। তবে এরই মধ্যে দ্বিতীয়বার হত্যাচেষ্টা করা হয়েছে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। এ ঘটনায় আবারও পাদপ্রদীপের আলোর নিচে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।

গত রবিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পের নিজের মালিকানাধীন ক্লাবে গলফ খেলছিলেন ট্রাম্প। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে আক্রমণকারী রায়ান রুথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলেছেন, গলফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা পাল্টা গুলি চালালে আক্রমণকারী পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়ী করেছেন ট্রাম্প। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। ট্রাম্পের দাবি, ডেমোক্রেটিক দলের নেতাদের ‘অত্যন্ত উসকানিমূলক ভাষা’ ব্যবহারের কারণে ওই সন্দেহভাজন বন্দুকধারী হামলায় উদ্বুদ্ধ হয়েছিলেন। যদিও এ হামলাচেষ্টার উদ্দেশ্য কী ছিল, তা এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি কর্র্তৃপক্ষ। তবে ট্রাম্পের প্রচার শিবিরের নির্ধারিত কর্মসূচি অপরিবর্তিত থাকবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় আটক রায়ান ওয়েসলি রুথ বন্দুক-সংক্রান্ত আরও দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন।