বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান রিমন ও নরসিংদী-২ আসনের সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন এ সিদ্ধান্ত নেয়।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, বরগুনার এমপি রিমন ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। এর মধ্যে তিনি ব্যবসা প্রতিষ্ঠানে ১৫ কোটি ১ লাখ ৮৩ হাজার ৬৪০ টাকা বিনিয়োগ করেন। এ ছাড়া তিনি বরিশালের বিভিন্ন জায়গায় ১ কোটি ৫১ লাখ ৫৬ হাজার ৫৬৩ টাকার অকৃষি জমি ক্রয়, বরগুনায় ৫৮ লাখ ৩১ হাজার ৫০০ টাকার জমি ক্রয়, অন্য খাতে ৪৬ লাখ টাকা বিনিয়োগ, ল্যান্ডক্রুজারসহ তিনটি গাড়ি, স্ত্রীর নামে ব্যাংকে ১৮ লাখ ৫০ হাজার ৫৪০ টাকা জমা রাখেন। এর বাইরে তার দেশে-বিদেশে অবৈধ সম্পদ রয়েছে।
অন্যদিকে নরসিংদীর সাবেক এমপি আশরাফ খান দিলীপের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে তিনি নিজের নামে ৮ কোটি ২৭ লাখ ৮৬ হাজার ৮৩৭ টাকা ও স্ত্রীর নামে ৩৪ লাখ ৪১ হাজার ৮০০ টাকাসহ মোট ৮ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৬৩৭ টাকার সম্পদ অর্জন করেন।