গোপালগঞ্জের মুকসুদপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সতীশ রায় (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের মহিষতলী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।
নিহত সতীশ রায় উপজেলার মহিশতলী গ্রামের শরৎ রায়ের ছেলে।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে ওই গ্রামের সুদীপ মৌলিক ও মিলন মন্ডলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় একই গ্রামের সতীশ রায় সংঘর্ষ ঠেকাতে গেলে পেছন থেকে কেউ একজন তার মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে মুকসুদপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।