এক দশক পরে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, প্রথম দফার ভোট আজ

এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচন। ভারত-শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথম বারের মতো সেখানে বিধানসভার ভোট অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ৯০টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় আজ ২৪ আসনে ভোট হবে। খবর আনন্দবাজার।

বুধবারের ভোটগ্রহণ পর্বে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় তিনি লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের বিধাসভা নির্বাচনের প্রথম দফায় নির্বাচনী এলাকার সকলকে বিপুল সংখ্যক ভোট দিতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি।’

এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত ২৬.৭২ শতাংশ ভোট পড়েছে জম্মু-কাশ্মীরে। নির্বাচনের কারণে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো উপত্যকা।

বিশেষ করে বিগত কয়েক দিন ধরে বার বার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরে। সেই কথা মাথায় রেখেই সশস্ত্র আধা সামরিক বাহিনী (সিএপিএফ) থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থাকে বিভিন্ন স্তরে সাজানো হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় অঞ্চলটিতে ভোটার সংখ্যা ২৩ লাখ ২৭ হাজার ৫৮০ জন। ভোটদানে সর্বাধিক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন এবং পুলিশ।

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন কুলগামের সিপিএম প্রার্থী মুহাম্মদ ইউসুফ। ডুরুতে কংগ্রেস প্রার্থী করা হয়েছে গুলাম আহমেদ মিরকে। এছাড়া ন্যাশনাল কনফারেন্স দলের সাকিনা ইতু, পিডিপির সারতাজ মাদনি, ইলতিজা মুফতিসহ আরও অনেকের ভাগ্য নির্ধারণ করবেন জম্মু ও কাশ্মীরের ভোটাররা।

জম্মু-কাশ্মীরে তিন দফা নির্বাচনের বুধবারই প্রথম দিন। প্রথম দফায় মোট ২৪ আসনে ভোট নেওয়া হচ্ছে। তার মধ্যে জম্মুতে আটটি এবং কাশ্মীরে ১৬ আসন রয়েছে। প্রথম দফায় ২১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর।