নাটোরের সিংড়ায় নদীর তীরের সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর শহরের সরকারপাড়া মহল্লায় আত্রাই নদীর তীর ঘেঁষে এসব ঘর তৈরির হিড়িক পড়েছে।
পৌরশহরের সরকারপাড়া মহল্লার আব্দুল মন্নাফ সওদাগর, রায়হান সওদাগর, মলি বেগমসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারপাড়া মহল্লায় সরকারি জায়গা দখল করে বেশ কয়েকটি বসতঘর নির্মাণের কাজ চলছে। শহররক্ষা বাঁধের জায়গা দখল করে তড়িঘড়ি করে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মাণ করা হচ্ছে এসব ঘর।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভাকে জানানো হলে তিনি ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, ‘ভূমি উপসহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। সরকারি জায়গাটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’