অপকর্মে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগ দেননি: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেনি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এসব পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাজে যোগদান করেননি এমন পুলিশ সদস্যের সংখ্যা খুবই কম। মূলত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেননি। তিনি বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্যদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সেনাবাহিনী অনেকদিন ধরে মাঠে থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে। সেটা পূরণের লক্ষ্যেই কাজ করছে সেনাবাহিনী।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি জনবান্ধব সুশৃঙ্খল বাহিনী। তাদের সঙ্গে যোগাযোগ বা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে সাধারণ জনগণের কোনও সমস্যা নেই।