জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম। নবনিযুক্ত উপাচার্য তাকে ফুলেল শুভেচ্ছা না জানাতে অনুরোধ করেছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে লেখা হয়, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে ফুল দিয়ে অভিনন্দন না জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে’
এর আগে এদিন রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে শর্তসাপেক্ষে নিয়োগ দেয়া হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি ১৯৮৬ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবেও কাজ করেছেন। ২০০৮ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সামজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকল রুলস রেগুলেশন তৈরিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।