খা‌লেদা জিয়া‌কে লন্ড‌নে নিতে খোঁজা হ‌চ্ছে আইসিইউযুক্ত এয়ার অ্যাম্বু‌লেন্স

বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে লন্ড‌নে নিতে খোঁজা হ‌চ্ছে আইসিইউ ও  সি‌সিইউ সু‌বিধাসহ চার্টাড এয়ার অ্যাম্বু‌লেন্স। সাধারণ এয়ার অ্যাম্ব‌ু‌লে‌ন্সে ক‌রে তা‌কে দীর্ঘ পথ ভ্রমণ ক‌রি‌য়ে লন্ড‌নে নেওয়ার ঝুঁকি নিতে চাই‌ছেন না তার ডাক্তাররা।  

বাংলাদেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে তার বাসভবন ফিরোজায় নেওয়া হ‌বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার চিকিৎসায় গ‌ঠিত মে‌ডিক্যাল বো‌র্ডের কা‌ছে লিভার ট্রান্সপ্লান্টের জন্য তা‌কে দে‌শের বাইরে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প নেই। এদি‌কে বার বার হাসপাতা‌লে আন‌লে হাসপাতাল থে‌কে সংক্রমণ ছড়া‌নোর ঝুঁকি থা‌কে ব‌লে  ভ‌য়ে থা‌কেন তার চি‌কিৎসকরা।

আগের দিন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকে’র ভারপ্রাপ্ত আহ্বায়ক নসরুল্লাহ খান জুনায়েদ। বুধবার এই প্রতিবেদককে বেগম জিয়ার সঙ্গে দেখা হওয়ার কথা স্বীকার করলেও তার চিকিৎসার বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি যুক্তরাজ্য প্রবাসী এই নেতা। তিনি বলেন, আমি নেত্রীকে একনজর দেখার জন্য দেশে এসেছি।

খা‌লেদা জিয়ার ছোট ছে‌লের স্ত্রী শ‌র্মিলা রহমান সি‌থি এ মুহূর্তে দে‌শে থে‌কে বেগম খা‌লেদা জিয়ার চি‌কিৎসার দেখভাল কর‌ছেন ব‌লে একা‌ধিক সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে। 

খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালের ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে আসেন। লন্ডনের মরফিল্ড হাসপাতালে তার চোখের অপারেশন হয়। তিনি সেখানে হাঁটুর চিকিৎসাও নিয়েছিলেন।