বিবিসি বাংলার প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন দিকে মোড় নিচ্ছে?

বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময়ই একটা সংবেদনশীল বিষয় ছিল। ১৯৭১ সালের ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা, রাজনীতি কম হয়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে আওয়ামী লীগ আমলে, বিশেষত যুদ্ধাপরাধের বিচারের প্রেক্ষাপটে।

তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এখন কি বাংলাদেশের কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে? পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহ কতটা? সম্পর্ক উন্নয়নে বাংলাদেশেরই বা লাভ কী? অথবা সমস্যার জায়গাগুলো কী?

প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অনেক দেশের মতো শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসেরও বেশ তৎপরতা দেখা গেছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে। দেখা করেছেন বিএনপির নেতাদের সাথেও।

একই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাদ দিয়েছে পাকিস্তান। সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টাদের এবং বিএনপির নেতাদের সঙ্গে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে সাবেক কূটনীতিকদের সাথে বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে আলোচনায় আরও নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন শেহবাজ শরীফ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ যেহরা বালোচ জানান বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান সবসময়ই একটা শ্রদ্ধাশীল, ইতিবাচক ও গঠনমূলক অবস্থানের আগ্রাধিকার দিয়ে এসেছে।

“মাঝে মাঝে সমস্যা হয়েছে, কিন্তু যখন সেসব সমস্যা অতিক্রম করার ইচ্ছা এবং সামনে এগিয়ে যেতে সম্পর্কের সম্ভাবনাকে উপলব্ধি করার ইচ্ছা থাকে, তখন দুই দেশের পারস্পরিক স্বার্থে সামনে এগিয়ে যেতে আমরা সমস্ত লক্ষ্য অর্জন করতে পারবো,” বলছিলেন বালোচ।

সম্পর্কে আগ্রহ যে ছিল সেটা পাকিস্তানের হাইকমিশনের ফেসবুক পাতার পুরানো পোস্ট দেখে বুঝা যায়। বিগত বছরগুলোতে আগস্ট মাসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য পাকিস্তানি আম উপহার হিসেবে পাঠানোর পোস্ট দেখা যায়। শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে শুভেচ্ছা ও সৌহার্দ্যের আহবান, এমন নানা পোস্টও দেখা গেছে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে ৩০ আগস্ট ক্যামেরুনে ওআইসির সম্মেলনের ফাঁকে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনারও দেখা করেছেন সেপ্টেম্বরের ১০ তারিখ।

“গত কয়েক বছর ধরে তো পাকিস্তানের সাথে সম্পর্ক একটু শীতল যাচ্ছিল, পাকিস্তান সেটি থেকে বেরিয়ে আসতে চায়,” বলেন তৌহিদ হোসেন।

বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ, লেখক ফাহাম আবদুস সালাম মনে করেন গত ১৫ বছরে বাংলাদেশের সরকার ভারতের চোখে পাকিস্তানের সাথে সম্পর্ক বিবেচনা করেছে এবং ১৯৭১ সালকে ঘিরে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে, যেটা সার্বভৌম রাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।

“ভারতবর্ষের মানুষের মধ্যে অনেক পুরানো একটা সম্প্রীতির জায়গা ছিল, আধুনিক সময়ে এসে সেটা ধ্বংস করে দেয়া হয়েছে,” বলছিলেন ফাহাম আবদুস সালাম।

একইসাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হিন্দু-মুসলিম বিভাজনের পেছনে ভারতের মূলধারার গণমাধ্যমকে ঘৃণার সংস্কৃতি প্রচারের জন্য দায়ী করেন ফাহাম আবদুস সালাম।

শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘিরে ভারতের বিভিন্ন গণমাধ্যমে উদ্বেগ উঠে আসতে দেখা গেছে। বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান বা পাকিস্তানে পরিণত হবে কি না এমন আলোচনাও উঠেছে।

তবে বাংলাদেশের ঠিক প্রতিবেশী রাষ্ট্র না হলেও বিশ্বের অনেক দেশের মতো বাণিজ্যিক সম্পর্ক একটা বড় দিক। অবশ্য আওয়ামী লীগ আমলেও বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ছিল না। বাংলাদেশে চামড়া, টেক্সটাইল ও গার্মেন্টস খাতে পাকিস্তানিদের বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে পাকিস্তান বাণিজ্য উন্নয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে।

পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি তালিকায় রয়েছে তুলা, কাপড়, বিভিন্ন রাসায়নিক, খনিজ ও ধাতব উপাদান, বৈদ্যুতিক সামগ্রী ও যন্ত্রপাতি ইত্যাদি। বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, হাইড্রোজেন পারঅক্সাইড, সিনথেটিক ফাইবার, টেক্সটাইল সামগ্রী, কিছু চিকিৎসায় ব্যবহার্য সামগ্রী, এমন বেশ কিছু জিনিস রপ্তানি হয় পাকিস্তানে।

পাকিস্তানের সরকারি তথ্যমতে ২০২৩ সালেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয়েছে ৬ কোটি ৩৩ লক্ষ ডলারের বেশি পণ্য, পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি হয়েছে ৬৫ কোটি ৫ লক্ষ ডলারের উপরে পণ্য। ২০১৯ এও ৮৩ কোটি ডলারের উপরে আমদানি হয়েছে পাকিস্তান থেকে।

এ থেকে এটাও বোঝা যায় যে একটা বড় বাণিজ্য ঘাটতির জায়গা রয়েছে যেখানে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি নির্ভরতাই বেশি। অবশ্য সেটাকে সমস্যা বলে মনে করেন না তৌহিদ হোসেন। ভারত বা চীনের ক্ষেত্রেও বড় আমদানি নির্ভরতা রয়েছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে রপ্তানি হয় অনেক বেশি। সেগুলো অর্থনীতি বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্বাভাবিক বলে মনে করেন তিনি।

“ধরুন আমরা পাকিস্তান থেকে যদি প্রচুর পরিমাণে তুলা কিনি, পাকিস্তানের তো বাড়তি আসবে, কিন্তু আমাদের সেই তুলা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রে যে কাপড় রপ্তানি করি সেজন্য। এগুলো আসলে সম্পর্কযুক্ত,” বলেন তৌহিদ হোসেন।

পাকিস্তানেও বাংলাদেশের জন্য সম্ভাবনার জায়গা রয়েছে, উদাহরণ হিসেবে পাকিস্তানে বাংলাদেশি ব্র্যান্ড ‘ইয়েলো’র কিছু আউটলেট থাকার উদাহরণ টানেন ফাহাম আবদুস সালাম। ব্যবসার দিকটা “আমরা যথেষ্ট এক্সপ্লোর করিনি। পাকিস্তানে কিন্তু ২০ লক্ষের বেশি বাংলাদেশি থাকেন, সেই বাজারটাকেও আমাদের কাজে লাগানো উচিৎ” বলেন তিনি। সম্পর্ক স্বাভাবিক হলে, বাণিজ্য বাড়লে আরও নতুন ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হবে বলে মত তার।

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক সম্প্রতি জোরদার করার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

পাকিস্তানও বাণিজ্যিক দিকটি গুরুত্ব দিচ্ছে বলে জানান মুমতাজ যেহরা বালোচ। বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক এবং দুই দেশের মানুষের মাঝে সম্পর্কও ইতোমধ্যেই প্রতিষ্ঠা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একই সাথে সার্ক এবং ওআইসির মতো আন্তর্জাতিক সংস্থার সদস্য হিসেবে দুই দেশ একত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে ইতিবাচক দিক রয়েছে বাংলাদেশেও। “আমরা আমাদের স্বার্থে পাকিস্তানের সাথে সেটুকু সম্ভব সম্পর্ক এগোতে চাই,” বলেন তৌহিদ হোসেন।

“আমাদের কতগুলো ইস্যুও আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা বন্ধ হয়েছিল। দেখা যাক সেগুলো কতটুকু কী করা যায়, আমরা দেখবো আগামী দিনগুলোতে যে পাকিস্তানের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা যেখানে পাকিস্তান তাদের স্বার্থ দেখবে, আমরা আমাদের স্বার্থ দেখব,” জানান পররাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পাকিস্তানের শিক্ষার্থী পড়তে আসেন। আবার পাকিস্তানের এমন জায়গা রয়েছে যেসব জায়গায় যাওয়ার বিষয়ে বাংলাদেশের মানুষের মধ্যেও আগ্রহ রয়েছে।

তবে পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে দূরত্বের পাশাপাশি একটি বড় অস্বস্তির জায়গা ভারত। যেহেতু বাংলাদেশের তিন দিক দিয়েই ভারত, ফলে বাংলাদেশের মানুষের কম খরচে যাতায়াত বা চিকিৎসার জন্য ভারতে আসা-যাওয়া বেশি। বাণিজ্যের ক্ষেত্রেও একই বিষয় খাটে।

কিন্তু ভারত পার হয়ে পাকিস্তান পর্যন্ত গেলেও এমন অস্বস্তির জায়গাও থাকে যে একবার পাকিস্তানের ভিসা করা হলে পরবর্তীতে ভারত যেতে গেলে জটিলতা সৃষ্টি হতে পারে।

সেই সমস্যা সমাধানের বিষয়ে খুব একটা আশাবাদী নন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত-পাকিস্তান সংঘাতময় সম্পর্কের কারণে এ অঞ্চলের অনেক কিছু জিম্মি হয়ে রয়েছে উল্লেখ করে তিনি উদাহরণ দেন- “সার্ক যে এগুতে পারেনি তার একটা মূল কারণ ভারত পাকিস্তান সম্পর্ক।”

ফলে বাংলাদেশের সুবিধার্থে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান করে ত্রিপক্ষীয় কোনও সমঝোতায় যাবে বলে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা। “যে মনে করবে যে পাকিস্তানে গেলে তার ভারতে যাওয়া অসুবিধা হবে, ভারতে যাওয়া বেশি প্রয়োজন, সে যাবে না,” উল্লেখ করেন তিনি।

এশিয়ার এ অঞ্চলে ভারতের সাথে বড় দ্বন্দ্বের জায়গা রয়েছে পাকিস্তান এবং চীনের। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভাবতে হয়নি ভারতকে।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ভিন্ন মাত্রা যেমনটা প্রকাশ পাচ্ছে তাতে এখন সেই ভাবনার জায়গাটা তৈরি হয়েছে। সম্প্রতি বাংলাদেশে মুহম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন করেছে একটি সংগঠন। যদিও ভৌগলিক প্রতিবেশীর বাস্তবতায় ভারতকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের জন্যও কঠিন। ভবিষ্যতে এ সম্পর্ক কেমন দাঁড়ায় সেটা আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।