দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কমে এসেছে দুই দিন ধরে। তবে আগামীকাল বৃহস্পতিবার তিন বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বৃষ্টি হলেও দেশের বিভিন্ন প্রান্তে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমার সম্ভাবনা তেমন নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেওয়া বিজ্ঞপ্তিতে দেশের ৫১টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আজ বুধবার সন্ধ্যা ৬টায় দেওয়া বিজ্ঞপ্তিতে দেখা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এসব স্টেশনের মধ্যে মাত্র একটিতে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ এক মিলিমিটার, চট্টগ্রামে। আগের ২৪ ঘণ্টায় পাঁচটি স্টেশনে বৃষ্টি হয়েছিল।
আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া আগামীকাল দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।