১০ সংগঠন নিয়ে যাত্রা শুরু ফিল্ম ক্যাবের

সিনেমা, বিজ্ঞাপন চিত্র ও ওটিটি কনটেন্টের ক্রুদের বেশ কয়েকটি সংগঠন মিলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ফিল্ম ক্রু অ্যালায়েন্স অব বাংলাদেশ বা ফিল্ম ক্যাব এর। সম্প্রতি রাজধানীর এক রেস্তোরাঁয় এর কমিটি গঠন করা হয়। তাদের মতে, ফিল্ম ক্যাব শুধু একটি সংগঠন নয় এটি একটি প্ল্যাটফরম, যা ১০টি বিশিষ্ট সংগঠনকে একত্র করেছে।

জানা যায়, বিনোদনমাধ্যমে যুক্ত সব ক্রু মেম্বারের জন্য একটি টেকসই এবং পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা। কর্মপরিস্থিতি উন্নত করার পাশাপাশি এমন মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে। এর সঙ্গে যুক্ত থাকা সংগঠনগুলো হলো আর্ট ডিরেক্টরস অ্যান্ড কস্টিউম ডিজাইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; বাংলাদেশ অ্যাডভার্টাইজিং মেকআপ আর্টিস্ট কমিউনিটি; বাংলাদেশ অ্যালায়েন্স অব সিনেমাটোগ্রাফারস; বাংলাদেশ প্রডাকশন সাউন্ড রেকর্ডিস্ট অ্যাসোসিয়েশন; কাস্টিং ডিরেকটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ফোকাস পুলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; পোস্ট প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; প্রডাকশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ; ক্যামেরা ক্রু অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ লাইটম্যান কল্যাণ সংস্থা। প্রতিষ্ঠার দিন সংগঠনটির সাতটি লক্ষ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে, লিঙ্গ সমতা নিশ্চিতকরণ, ন্যায়সঙ্গত ও সংগঠিত কাজের পদ্ধতি, পেশাগত উন্নয়ন, আইনি সহায়তা ও অধিকার সুরক্ষা, সহযোগিতা ও যোগাযোগের উন্নতি, কল্যাণমুলক উদ্যোগ এবং পরিবেশবান্ধব কাজের পদ্ধতি।