দেশে দুই দফা দাবিতে আন্দোলনরত ফিজিওথেরাপি শিক্ষার্থীরা আগামী সোমবার পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিত করেছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ (সফিশিপ)।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়। বৈঠকে পরিষদের সমন্বয়কদের মধ্যে মো. ফজলুল হক বাবু, মো. মোত্তাকিম বিল্লাহ ইমরান, মো. আহমাদুল্লাহ হিল গালিব, মো. আব্দুল্লাহ আল রুবায়েত, পেশাজীবীদের মধ্যে ডা. মো. আলিউদ্দিন প্রমুখ অংশ নেন।
বৈঠক শেষে এক সমন্বয়ক জানান, তাদের নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ কর্মসূচি মহাপরিচালক গুরুত্বের সঙ্গে নিয়েছেন। তিনি দুই দাবি সরকারি হাসপাতালে ফিজিওথেরাপি চিকিৎসকদের জন্য প্রথম শ্রেণির পদ সৃষ্টি ও নিয়োগ এবং সরকারি পর্যায়ে ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠাসহ বিদেশে জনশক্তি কীভাবে পাঠানো যায় সেই বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে একটি অফিশিয়াল ফরমেট তৈরি করতে হবে। আগামী রবি কিংবা সোমবার এই দুই দিনের মধ্যে মহাপরিচালক লিখিত ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
এই সমন্বয়ক আরও জানান, এ জন্য একটি কমিটি গঠন করা হবে। স্বাস্থ্য অধিদফতর থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী সোমবার পর্যন্ত কমিটি করার সময় দেওয়ার জন্য। এটা তাদের কাছে ইতিবাচক মনে হয়েছে। তাই শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন আগামী সোমবার পর্যন্ত আন্দোলন স্থগিত করার। যদি কমিটি করা না হয় তাহলে আবারও স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান নেবেন বলে জানান এই সমন্বয়ক।
দুই দফা দাবি আদায়ে গত ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ফিজিওথেরাপি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন ফিজিওথেরাপি শিক্ষক ও চিকিৎসকরা।