সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুপস্থিত পুলিশ সদস্যরা কাজে যোগ দিতে পারবে না

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

গতকাল বুধবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা এবং ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সে সময় তিনি ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাজে যোগদান করেননি এমন পুলিশ সদস্যের সংখ্যা খুবই নগণ্য। বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগ দেননি।

তিনি বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এসব পুলিশ সদস্যকে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় ‘সংস্কারের’ মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দক্ষ, পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান। বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে এবং সরকার পতনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির ভূমিকারও প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।