আজমেরী ওসমানের ‘টর্চার সেল’ পরিদর্শনে র‌্যাব

নারায়ণগঞ্জের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমানের ছেলে ও সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের টর্চার সেল খ্যাত সাবেক উইনার ফ্যাশন পরিদর্শন করেছে র‌্যাব। পাশাপাশি কুমুদিনীর পাশে শীতলক্ষ্যা নদীর পাড়, যেখান থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়েছিল, সেই স্থানটিও পরিদর্শন করে র‌্যাব।

গতকাল বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব-১১-এর একটি টিম কলেজ রোডে অবস্থিত আজমেরী ওসমানের বাসার পাশেই অবস্থিত উইনার ফ্যাশন ভবন পরিদর্শনে যান র‌্যাব-১১-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শীতলক্ষ্যা পাড় পরিদর্শনে যান তারা। এ সময় র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাফায়েত হোসেন শিপনও উপস্থিত ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় র‌্যাব।

পরিদর্শন শেষে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। মাঝখানে এটির তদন্ত কিছুটা স্থবির

থাকলেও আমরা পুনরায় এটার তদন্তের গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি। আপনারা জানেন, আমরা পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয়। তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। আশা করছি খুব শিগগিরই এই ঘটনায় একটি সুষ্ঠু রিপোর্ট আমরা দিতে পারব। আমাদের সঙ্গে আটককৃত (শিপন) একজন আছেন, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন। আমরা যতটুকু সংবাদ পেয়েছি সে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত।