সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বুধবার ভোরে সীমান্তর্বর্তী ভড়কা দাঁড়া থেকে তাদের আটক করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন নীতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মাইদুর রহমান।

ওই দুই যুবক হলেন— শিতলীঘাট বড়পুকুর গ্রামের মইমুদ্দিনের ছেলে সানাউর রহমান (৩৫) এবং শিতলী গ্রামের সাইফুল ইসলামের ছেলে শম্ভু ইসলাম (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ১০-১২ জনের একটি দল চোরাইপথে গরু আনতে নীতপুর ইউনিয়নের ভড়কা দাঁড়া দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। বুধবার ভোরে গরু নিয়ে আসার পথে বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের তাড়া করে শম্ভু ও সানাউরকে ধরে নিয়ে যায়।

১৬ বিজিবি ক্যাম্পের সুবেদার মুনশেদ আলীর বরাত দিয়ে পোরশা থানার ওসি শাহিন রেজা জানিয়েছেন, আটক দুই যুবককে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বিজিবি। তবে এ বিষয়ে বিজিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।