শাহ আমানতে ৮ লাখ রিয়াল-দিরহামসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জাকির হোসেন নামে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে  প্রায় আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নিরাপত্তা শাখার এনএসআই এবং শুল্ক গোয়েন্দা টিমের যৌথ অভিযানে এই মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধার করা বৈদেশিক মুদ্রার মধ্যে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল ও ৪৬ হাজার ইউএই দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় সর্বমোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

বিমানবন্দর সুত্র জানায়, জাকির হোসেন নামের ওই যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় ইউএস বাংলা এয়ারলাইনস এর দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS- 343 যোগে ঢাকা-চট্রগ্রাম-দুবাই যাত্রাকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন।

বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় উক্ত যাত্রীকে শুল্ক গোয়েন্দার করার মানি লন্ডারিং আইনে মামলারমাধ্যমে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে। জাকির হোসেন প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং অর্থপাচারে জড়িত থাকতে পারেন বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের।