বেতন ভাতার দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি দিয়ে বিদ্যুৎ অফিস প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা। এ সময় বেতন ভাতার দাবিতে নানা শ্লোগান দেয় তারা।
কর্মসূচিতে লাইন সহকারী ইমামুল হক রকি, আব্দুলাহ আল মামুন, রুবেল হোসেন, মশিউর রহমান, আব্দুল মমিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আন্দোলনকারীরা বলেন, বছরের বছর বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। অফিস টাইমের বাইরে কোথাও কাজে গেলে নামমাত্র পাওয়া টাকা দিয়ে তাদের সংসার চালাতে হয়। ঝুকিপুর্ণ এই কাজ করার কারণে অনেকে মারা গেছে আবার অনেকের অঙ্গহানী হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কর্তৃপক্ষ তাদের বেতন ভাতার কোনো ব্যবস্থা করেনি। তাই অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। এদিকে লাইন সহকারীদের কর্মবিরতি পালন করায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।