সাড়ে ২০ লাখ টাকা খরচেই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

মেট্রোরেলের কাজিপাড়া স্টেশন মেরামত করে পুরোপুরি চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আজ বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মেট্রোরেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি আরও বলেন, আগামী ২০ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে চলাচল করবে। আর মতিঝিল থেকে দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়)-তে মেট্রো ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল করবে।

মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, ‘এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাত দিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) কারিগরি ত্রুটির কারণে সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল বন্ধ করা হয়েছিল জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, যথাযথ প্রক্রিয়ায় কারিগরি ত্রুটি সংস্কার করে রাত ৮টা ২৫ মিনিট থেকে পুনরায় মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নিতে প্রয়োজনীয় সুপারিশসহ রিপোর্ট আগামী ৫ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য ডিএমটিসিএল, প্রকল্প এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দাখিলের পর এ সংক্রান্ত বিষয় বিস্তারিতভাবে জানা যাবে বলে জানান তিনি।