নারায়ণগঞ্জে ত্বকী হত্যা

আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার আজমেরী ওসমানের গাড়ি চালক জামশেদ শেখকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুশরাত সাহারা বিথী জামশেদকে জেলগেটে ৩ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আবদুর রশিদ।

এর আগে গত মঙ্গলবার ৫ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়। ওইদিন অসুস্থ থাকায় বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়।

জামশেদ শেখ ত্বকী হত্যা মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের গাড়িচালক ছিলেন। নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। 

এদিকে বৃহস্পতিবার ত্বকী হত্যা মামলার ধার্য তারিখে একই আদালতে হাজিরা দিয়েছেন এই মামলায় স্থায়ী জামিনে থাকা ইউসুফ হোসেন লিটন এবং তায়েব উদ্দিন জ্যাকি। এদের মধ্যে ইউসুফ হোসেন লিটন ত্বকী হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বলেন, বৃহস্পতিবার ছিল মামলার ধার্য তারিখ। প্রতিটি তারিখেই মামলার তদন্ত সংস্থা র‌্যাবকে পরবর্তী তারিখে অভিযোগপত্র দাখিলের জন্য নির্দেশ দেন আদালত। তবে দীর্ঘ সাড়ে ১১ বছর পর এই মামলাটি আবারও পুনরুজ্জীবিত হয়েছে। এখন আশা করা যায় র‌্যাব দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করবে।