বন্যাকবলিত পরিবারকে কাজী ফার্মসের ১০ হাজার মুরগির বাচ্চা বিতরণ

বন্যাদুর্গত পরিবারের জীবিকা পুনর্গঠনে সহায়তায় কাজী ফার্মস এক দিনের মুরগির বাচ্চা বিতরণের একটি উদ্যোগ নিয়েছে। বন্যাদুর্গত এসব পরিবারের চাহিদার ভিত্তিতে ১০ হাজার ব্রয়লার বা লেয়ার বাচ্চা পাচ্ছেন বিনামূল্যে। প্রতিটি পরিবার পাবেন ২০ থেকে ৫০টি বাচ্চা।

বাড়ির উঠানে হাঁস-মুরগি পালন গ্রামীণ এলাকায় একটি সাধারণ এবং প্রচলিত জীবিকা এবং এই উদ্যোগটি ৫০০ থেকে ১০০০ পরিবারের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে এক দিনের বাচ্চা বিতরণ শুরু করবে। প্রথম ধাপে ৫ হাজার বাচ্চা ফেনীর ফুলগাজী উপজেলায় সকাল ১০টায় বিতরণ করা হবে। পরে এদিনই কুমিল্লার বুড়িচংয়ে বাকি ৫ হাজার বাচ্চা বিতরণ করা হবে।

এটি কাজী ফার্মসের পূর্ববর্তী উদ্যোগের ধারাবাহিকতা, যেখানে তারা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১.২২ কোটি টাকা দান করেছিল। যা জাতীয় দুর্যোগ মোকাবিলায় কোম্পানির অব্যাহত সহায়তার প্রতিফলন।