হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম ফিদে দাবা অলিম্পয়াডের সপ্তম রাউন্ডের খেলায় নারীদের বিভাগে ডোমেনিকান রিপাবলিককে ২.৫-১.৫ গেম পয়েন্টে হারিয়েছেন বাংলাদেশের নারীরা। তবে পুরুষ দল স্লোভাকিয়ার বিপক্ষে ২-২ গেম পয়েন্টে ড্র করেছেন।
বুধবার সপ্তম রাউন্ডের খেলায় নারীদের ওপেন বিভাগে আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার রামিরেজ ফ্রানচেসকা ও গনজালেজ মেরি লোলি হারান। ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ফিদে মাস্টার ক্যাস্টিলো এভারিস্টার সঙ্গে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ফিদে মাস্টার দিয়াজ পিয়েরানলির কাছে হেরে যান। সপ্তম রাউন্ড শেষে ৯ ম্যাচ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে দলটির অবস্থান ৪০তম।আজ অষ্টম রাউন্ডে নারী দল খেলবে সুইডেনের সঙ্গে।
সপ্তম রাউন্ডে পুরুষদের বিভাগে স্লোভাকিয়ার দাবাড়ুদের বিপক্ষে জয় পান আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ড্র করলেও হেরে যান গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব। অষ্টম রাউন্ডে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান।