নোয়াখালীর সদর উপজেলায় দিনমজুর আব্দুর রহমানকে (৩২) গলাকেটে হত্যার ৪৪ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সুধারাম উপজেলার পশ্চিম মাইজচরা গ্রামের একটি কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আব্দুর রহমান উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের লাতু ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনজমুর ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেন সুধারাম থানার এসআই ফখরুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশে সদর উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ নেওয়াজ তানভীরের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। পরে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে একই দিন রাত ৯টার দিকে পুনরায় দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট দুপুর আড়াইটার দিকে পূর্বশক্রতার জেরে একদল সন্ত্রাসী দিনমজুর আব্দুর রহমানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একইদিন বিকাল ৫টার দিকে উপজেলার পূর্ব মাইজচরা গ্রামের দই বেপারী বাড়ির পাশে নিয়ে গলা কেটে হত্যা করা হয়। তখন সন্ত্রাসীদের ভয়ে নিহতের স্বজনরা কেউ ঘটনাস্থলে লাশের পাশে যেতে পারেনি। পরে রাত গভীর হলে লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। পরে ৭ আগস্ট পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
সুধারাম থানার এসআই ফখরুল ইসলাম আরও বলেন, তখন আইনশৃঙ্খলার অবনতির কারণে নিহতের স্বজনরা মামলা করতে পারেনি। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শান্ত হলে ১৪ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে সুধারাম থানার হত্যা মামলা করা হয়।