বাকৃবি, রবীন্দ্র ও আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) আরও তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে বাকৃবিতে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল ব্রিডিং অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এসব নিয়োগ দেন। সবাই আগামী চার বছরের জন্য ভিসি পদে নিয়োগ পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এস এম হাসান তালুকদার। আর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শীর্ষ পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা পদত্যাগ করেন। তারা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। এখন সেসব পদে নিয়োগ দেওয়া হচ্ছে।