বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে পোশাককর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং আশুলিয়া থানার হত্যাচেষ্টায় মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফি মোদ্দাসের খান জোতির চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে পৃথক দুই আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠান।
চার দিনের রিমান্ড শেষে গতকাল ফরহাদ হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আবদুল মালেক। গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের ছেলে সাফি মোদ্দাসের খান জোতিকে আশুলিয়া থানার হত্যাচেষ্টায় মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।