ইউনূস গুডউইলের প্রতিফলন দেখতে চাই : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আইনের শাসন কায়েম করে জুলাইয়ের সব হত্যাকারী ও অপরাধীকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা দেওয়া না করলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে মøান হয়ে যাবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাহামুদুর রহমান সৈকতের রাজধানীর মোহাম্মদপুরের বাসায় ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহযোগিতা দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘ইউনূস গুডউইল বলে একটা কথা আছে। ইউনূস গুডউইলের আমরা প্রতিফলন দেখতে চাই। সেই প্রতিফলন শুধু আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে নয়, দেশের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং ভয়ংকর জুলাইয়ে যে নারকীয় গণহত্যা হয়েছে, সেই অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের নিশ্চয়তা না দিলে অন্তর্বর্তী সরকারের বিপ্লবী ভূমিকা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতি সবার সমর্থন আছে। কিন্তু কাজের গতি যদি সেøা হয়, কাজের গতি যদি অত্যন্ত নিম্নগতির হয়, তা হলে তো এ দেশের মানুষের কাছে আপনারা দিনকে দিন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বেন। আপনারা একটি বিপ্লবী সরকার। এই কিশোর বাচ্চাদের আত্মত্যাগের মধ্য দিয়ে পৃথিবী কাঁপানো যে বিপ্লব হলো ৫ আগস্ট, আপনারা তার সরকার। ওই সব অপরাধী ঘুরে বেড়ায়, তারা পিকনিক করে লাঠি মিছিল করে আর আপনারা যদি নিশ্চুপ থাকেন, তাহলে তো আপনাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ থেকে যাবে।’

রিজভী বলেন, ‘শহীদ মাহামুদুর রহমান সৈকত নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদের মুক্ত বাতাসে নিয়ে এসেছে। কিন্তু তার স্বপ্ন ছিল, অদম্য প্রত্যয় ছিল। একজন ভালো ছাত্র, একজন ক্রিকেটার হতে চেয়েছিল সে। এই দেশকে তার আরও অনেক দেওয়ার কিছু ছিল। অথচ তার আগেই তাকে বিদায় নিতে হয়েছে। তার বিদায় স্বাভাবিক ছিল না।