রিভিউয়ে ভুল করায় সিরাজের কাছে ‘ক্ষমা চাইলেন’ রিশাভ

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন আজ শনিবার ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শুরুটা হয়েছিল সাদমান ইসলামকে (২) দিয়ে। পরে তার পথ ধরেন আরেক ওপেনার জাকির হাসানও (৩)। এই জাকির হাসানের বিপক্ষে একটা এলবিডাব্লিউয়ের আবেদন ঘিরে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল ভারতীয় দলে। শেষ পর্যন্ত বোলার মোহাম্মদ সিরাজের কাছে মজার ছলে ক্ষমাও চেয়েছেন রিশাভ পান্ত।

বাংলাদেশের ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। পঞ্চম বলটি জাকির হাসানের পায়ে লাগলে এলবিডব্লিউয়ের জোরালো আবেদন হয়। সিরাজ নিশ্চিত ছিলেন যে, জাকির আউট। কিন্তু ফিল্ড আম্পায়ার আউটের আবেদন সাড়া দেননি। ডিআরএস নেওয়া হবে কিনা- এ বিষয়ে উইকেটকিপার পান্তের মতামত জানতে চান অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু পান্ত সম্মতি দেননি।

স্টাম্প মাইক্রোফোনে পান্তকে বলতে শোনা যায়, ‘বলের উচ্চতা বেশি না হলেও লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাবে।’ তার পরামর্শ শুনে রোহিতও ডিআরএসের আবেদন করেননি। কিন্তু  পরে টেলিভিশন রিপ্লেতে দেখা যায়, সিরাজের বলটি লেগ স্টাম্পে লাগত। বল পিচেও পড়েছিল উইকেটের সামনে। অর্থাৎ জাকির নিশ্চিতভাবে আউট ছিলেন।

টিভি রিপ্লে দেখার পর নিশ্চিত উইকেট হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েন সিরাজ। অধিনায়ক রোহিতও একটু বিরক্ত হন। অন্যদিকে নিজের ভুল বুঝতে পারেন পান্ত। তাকে হাত তুলে ক্ষমা চাইতে দেখা যায় সিরাজ এবং রোহিতের কাছে। সেই বলে আউট না হলেও জাকির অবশ্য ৩ রানের বেশি করতে পারেননি। আরেক পেসার আকাশ দীপের বলে বোল্ড হয়ে যান।