আজ আর্জেন্টিনার মুখোমুখি বাংলাদেশ

গত দুই বছরে ফুটবলের সৌজন্যে বাংলাদেশ আর আর্জেন্টিনার সম্পর্ক অনেকটাই ঘনিষ্ট হয়েছে। কিন্তু ফুটবলে তো আর আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা করা এই মুহূর্তে সম্ভব নয়, তবে দাবায় সম্ভব। হাঙ্গেরির বুদাপেস্টে চলমান ৪৫তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে আজ শুক্রবার আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

চলমান আসরে বাংলাদেশের কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ টানা চতুর্থ জয় তুলে নিয়েছেন। ৮১ বছর বয়সী রানী গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে শেষ হওয়া অষ্টম রাউন্ডে জারিতভসকোভা মারগারিতাকে হারান। ক্যান্ডিডেট মাস্টার নুসরাত জাহান আলো হারান আন্তর্জাতিক মাস্টার আগ্রেস্ট ইনাকে হারান। ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ড্র করেন ফিদে মাস্টার ক্র্যামলিং অ্যানার সঙ্গে। তবে ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ গ্র্যান্ডমাস্টার ক্র্যামলিং পিয়ার কাছে হেরে যান। 

আজ নবম রাউন্ডে নারী বিভাগে বাংলাদেশ লড়াই করবে আর্জেন্টিনার সঙ্গে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি। এই বিভাগে ১১ ম্যাচ পয়েন্ট নিয়ে ১৮৩টি দলের মধ্যে বাংলাদেশ এখন ২৮তম স্থানে আছে। সপ্তম রাউন্ড শেষে তাদের অবস্থান ছিল ৪০তম। 

তবে উন্মুক্ত বিভাগে অবনমন হয়েছে। কাজাখস্তানের কাছে ৩-১ গেম পয়েন্টে হেরে গেছেন পুরুষ দল। অষ্টম রাউন্ড শেষে ৮ ম্যাচ পয়েন্ট নিয়ে ১১ ধাপ নিচে নেমে অবস্থান দাঁড়িয়েছে ৮৪তম স্থানে। নবম রাউন্ডে তাদের প্রতিপক্ষ লেবানন।

প্রতিযোগিতার দুই বিভাগেই শীর্ষে আছে ভারত। অষ্টম রাউন্ড শেষে নারী বিভাগে তাদের ম্যাচ পয়েন্ট ১৪। উন্মুক্ত বিভাগে ভারতের ম্যাচ পয়েন্ট ১৬।