ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে দুই নারী ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে মা ও তার শিশুসন্তান রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছে বিজিবি।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামের রহমান ভূঁইয়ার স্ত্রী ফরিদা বেগম (৩২) ও তার ছেলে মো. ফারহান (৩) এবং নোয়াদিয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫)।
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মো. ইমতিয়াজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর সীমান্ত এলাকা থেকে আটক ওই তিনজনকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।