বায়তুল মোকাররমে দুই পক্ষের মারামারি, ৬ জন চিকিৎসা নিলেন ঢামেকে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের মধ্যে মারামরির ঘটনায় আহত অন্তত ৬ জন ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতরা হলেন মোস্তাইন বিল্লাহ (১৭), লিমন (১৩), এনামুল হাসান (১৬), শাকিল (২১), ফেরদৌস (২২) ও হাবিবুর রহমান (২০)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার আলোচনার সময় এ ঘটনা ঘটে।

আহত এনামুল হাসান জানান, তিনি নারায়ণগঞ্জ ফতুল্লার একটি মাদরাসার ছাত্র। তারা ৩ ছাত্র জুমার নামাজ পড়তে বায়তুল মোকাররমে এসেছিলেন। মসজিদটির বারান্দায় নামাজ আদায় করছিলেন তারা। হঠাৎ ভেতরের অংশে মারামারি শুরু হয়। সেখান থেকে কোন কাঁচের টুকরা হাতে এসে লাগে তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ আলম জানান, দুপুরে কয়েকজন আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।