জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ও লেজুড়বৃত্তিক সব ধরনের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ (জাকসু) চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘এক দফা এক দাবি চাই না কোনো রাজনীতি’, ‘ডান-বামের রাজনীতি, চাই না তোদের উপস্থিতি’, ‘রাজনীতির অংশীদার এই মূহুর্তে ক্যাম্পাস ছাড়’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী মুসা ভূঁইয়া বলেন, ‘সারাদেশের ক্যাম্পাসগুলোতে যে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি এবং শিক্ষক রাজনীতি সেগুলোর ফলাফল কখনোই সাধারণ শিক্ষার্থীদের জন্য মঙ্গলজনক ছিল না। বরং এসবের প্রভাব সবসময় সাধারণ শিক্ষার্থীদের ওপরে পড়েছে। তাই আমরা চাই কোনোরকম টালবাহানা না করে, ‘অনির্দিষ্টকাল’, ‘সাময়িক সময়’ এই ধরনের শব্দের মারপ্যাঁচ যেন না খেলে।
তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে জাবিতে আজীবনের জন্য ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হবে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর দাবি।