বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর কলাবাগান এলাকায় গুলিবিদ্ধ নয়ন মিয়া (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি মোটর গ্যারেজে কাজ করতেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত নয়নের শ্বশুর এরশাদুল হক জানান, তাদের বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা গ্রামে। তিনি কাঁঠালবাগান এলাকায় থাকতেন। ওই এলাকার একটি মোটর গ্যারেজে কাজ করতেন।
তিনি আরও জানান, গত ৪ আগস্ট আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় কাঁঠালবাগান এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।