মাদকসেবী ধরে গণধোলাই বাড়িঘরে হামলা ভাঙচুর

গাজীপুরের কালিয়াকৈরে মাদকসেবীদের আটক করে মারধর করেছে ছাত্র-জনতা। এ সময় মাদক বিক্রেতাদের বাড়িঘর ভাঙচুর করে তারা। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে।ছাত্র-জনতার অভিযোগ, মাদকসেবীদের আটক করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের ছেড়ে দিয়েছে।

মারধরের শিকার মাদকসেবীরা হলেন কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকার জাহিদুল ইসলাম (২২), ঠাকুরপাড়া এলাকার রিফাত হোসেন (২০) গাজীপুরের কোনাবাড়ি এলাকার সজীব হোসেন (১৮), কোনাবাড়ির এনায়েতপুর এলাকার রাকিব হোসেন (১৭) একই এলাকার আশিক (১৯) ও জরুন এলাকার বায়জিদ হোসেন (১৯)।

এলাকাবাসী, ছাত্র-জনতা ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিকেলে কোনাবাড়ি, ঠাকুরপাড়া ও চাবাগানের সাতজনের একটি দল কালিয়াকৈরের গাবচালা এলাকায় যান। তারা ওই এলাকার জসিম ও আমিনের বাড়ি থেকে মাদকদ্রব্য কিনে অটোরিকশায় পাশের সোনাতলা বাজারের দিকে যাচ্ছিলেন। খবর পেয়ে তাদের আটকায় ছাত্র-জনতা। তাদের কাছে প্রায় ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাদের দড়ি দিয়ে বেঁধে রঘুনাথপুর বাজারে নিয়ে যাওয়া হয়। এরপর ছাত্র-জনতাসহ স্থানীয় লোকজন মাদক বিক্রেতা জসিম ও আমিনের বাড়িঘর ভাঙচুর করে। পরে বিষয়টি কালিয়াকৈর থানায় জানালে পুলিশ তাদের গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জানানোর পরামর্শ দেয়। পুলিশের পরামর্শে তারা গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানায়। অধিদপ্তরের একটি দল উপপরিদর্শক জুয়েল মিয়ার নেতৃত্বে ঘটনাস্থলে যায় এবং মাদকসেবীদের আটক করে এবং তাদের কাছে পাওয়া গাঁজা পুড়িয়ে ফেলে। এরপর স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বাহার উদ্দিনের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।