চট্টগ্রাম মহানগরীর পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম জোবায়ের উদ্দীন বাবু (২৯)। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বিকেল ৫টার দিকে হামলার শিকার হন জোবায়ের। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত জোবায়ের উদ্দীন বাবু চান্দগাঁও থানার চাইল্যাতলি কাজিরপোলের পশ্চিমের ফইদ্যা পুকুরপাড় এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন।
জানা গেছে, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা খেলার টার্ফ আছে। সেটার দখল নিয়ে গতকাল বিকেল ৫টার দিকে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এতে ছুরিকাঘাতে বাবু নিহত হন।
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে।