কারওয়ানবাজার থেকে ১৭ জুয়াড়ি গ্রেপ্তার

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানার সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে কারওয়ানবাজারের এসি ভবনের ষষ্ঠতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কবির হোসেন, মো. কাউসার, মো. জাকির হোসেন, মো. মহিউদ্দিন, মো. আনু, ইয়াকুব আলী, সাইফুল ইসলাম, রিপন, সুন্দর আলী, রাসেল মিয়া, মাসুম বিল্লাহ, সুজন মিয়া, মামুন, আ. করিম, মোশারফ হোসেন, মো. আলী ও মজিবুর রহমান।

গতকাল শুক্রবার তেজগাঁও থানার ওসি মো. মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মধ্যরাতে গ্রেপ্তারকৃতরা কারওয়ানবাজারের একটি ছয়তলা ভবনে জুয়া খেলছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও চার-পাঁচজন পালিয়ে গেছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।