বাসায় ফিরলেও খালেদা জিয়া পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া খুব সুস্থ না। গতকাল (শুক্রবার) ওনার (খালেদা জিয়া) টেম্পারেচার ছিল।
উন্নত চিকিৎসার জন্য কবে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ডাক্তাররা এখন পর্যন্ত তাকে ফিট টু ফ্লাইং মনে করছেন না। সেজন্য তার বিদেশে যেতে বিলম্ব হচ্ছে।
এভারকেয়ার হাসপাতালে ছয় দিন চিকিৎসা নেওয়ার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বাসায়। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
গত ১২ সেপ্টেম্বর রাতে বিএনপি চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে লিভার, সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডন জটিলতা, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।