রাঙ্গামাটি শহরে বিঘ্নিত ব্রডব্যান্ড সেবা স্বাভাবিক

রাঙামাটি শহরে আগুনে পুড়ে যাওয়া ইন্টারনেটের ক্যাবল মেরামতের পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল দুপুরের পর থেকেই পুড়ে যাওয়া ক্যাবল মেরামতের কাজ শুরু করেন শহরের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীরা। তবে এখন পর্যন্ত শহরের অল্প কিছু জায়গায় কার্যক্রম শুরু করা যায়নি বলে জানিয়েছেন তারা।

শহরের হ্যাপির মোড় এলাকায় ইয়েস ডট নেটের ক্যাবল সংস্কারের দায়িত্বে থাকা উইপন চাকমা বলেন, গতকাল আগুনে পুড়ে যাওয়া ক্যাবল সরিয়ে নতুন ক্যাবল দিয়ে সংযোগের কাজ চলছে। যেখানে ক্যাবল ছিঁড়ে গেছে, সেখানেও মেরামতের কাজ চলছে। সকাল থেকে শহরের বনরূপা, রিজার্ভ বাজার, তবলছড়ি এলাকায় সংযোগ সচল হয়েছে। তবে এখনো চম্পকনগর এলাকায় সংযোগ দেওয়া যায়নি। তবে কাজ চলছে; আশা করি আজকের মধ্যে সব লাইন ঠিক হয়ে আসবে।

ফাস্ট এন্ড ফাস্ট কোম্পানির দায়িত্ব থাকা কাজল বলেন, ইতোমধ্যে আমাদের লাইন মোটামুটি ঠিক হয়ে এসেছে। আজকের মধ্যে সব লাইন সচল করা সম্ভব হবে।

বনরূপা এলাকায় দিগন্ত ডট নেটের কাজে যুক্ত এক কর্মচারী বলেন, তাদের লাইনের কাজ ৯০ ভাগ শেষ হয়েছে। আজকের মধ্যে লাইন পুরোপুরি সচল হয়ে আসবে।

প্রসঙ্গত, শুক্রবার রাঙামাটিতে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান; পুড়ে যায় দোকানপাট। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাবল। ফলে গতকাল থেকে কিছু জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট অচল হয়ে পড়ে। তবে এ সময় মোবাইল নেটওয়ার্ক সচল ছিল। শহরে প্রায় ২০টি কোম্পানি প্রায় ১২ হাজার গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে আসছে।