লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৪ জন নিহত ও ৬৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন বলে জানিয়েছে সশস্ত্র সংগঠনটি।
হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল ছিলেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেডের তালিকায়, এমনকি তার মাথার জন্য ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ১৯৮৩ সালে লেবাননের বৈরুতে দুটি ট্রাক বোমা হামলায় মার্কিন দূতাবাস এবং মেরিন ব্যারাকের ৩০০ মানুষ নিহত হয়। যে ঘটনায় মূল হোতা ছিল হিজবুল্লাহর এই শীর্ষ কমান্ডার।
হামলায় নিহত ইব্রাহিম হিজবুল্লাহর অভিজাত ‘রাদওয়ান বাহিনীর’জ্যেষ্ঠ নেতা ছিলেন। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুসারে, ইব্রাহিম পরিচিত ছিলেন তাহসিন নামে।
১৯৮৩ সালে বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম। ওই হামলায় ৬৩ জন নিহত হন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি ব্যারাকেও হামলায় জড়িত ছিলেন ইব্রাহিম। ওই হামলায় নিহত হয়েছিলেন ২৪১ মার্কিন সেনা।
ওই দুই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক জিহাদ অর্গানাইজেশন নামের একটি সশস্ত্র গোষ্ঠী। এটি হিজবুল্লাহর একটি শাখা গোষ্ঠী। ইব্রাহিম এই গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য ছিলেন।
এ ঘটনায় তাকে ২০১৯ সালে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয় এবং তার মাথার মূল্য ৭০ লাখ ডলার ঘোষণা করা হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইব্রাহিম আকিল ১৯৮০–এর দশকে হিজবুল্লায় যোগ দিয়েছিলেন বলেন জানা যায়। আর ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, লেবাননের বাইরে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করতেন ইব্রাহিম। হিজবুল্লাহর অন্য জ্যেষ্ঠ সামরিক নেতাদের মতো ইব্রাহিমও তেমন একটা জনসম্মুখে আসতেন না, বিবৃতিও দিতেন না।