পররাষ্ট্র উপদেষ্টা জানালেন

জাতিসংঘে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখা হচ্ছে না। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হবে।

আজ শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা জানান।

মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উনাদের দুজনের উপস্থিতি নিউইয়র্কে একসঙ্গে হচ্ছে না। কারণ মোদি একটু আগে চলে যাচ্ছেন, আর আমাদের প্রধান উপদেষ্টা একটু দেরিতে যাচ্ছেন। কাজেই সেখানে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রী; ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডি প্রশাসকের সঙ্গে দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। আর কিছু পাইপলাইনে আছে। সেগুলো শেষ মুহূর্তে জানতে পারবো বলে আশা করছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হবে উল্লেখ করে তৌহিদ হোসেন জানান, সব সমস্যা সমাধান করে আমরা পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই।