চেন্নাই টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশ বড় হারের শঙ্কায় আছে। তবে জয়-পরাজয় ছাপিয়ে মাঝেমধ্যেই সামনে এসেছে ম্যাচটিতে দুই দলের খেলোয়াড়দের খুনসুটি আর মজা। যেমন গতকাল মাঠে সাকিব আল হাসানকে শ্রীলঙ্কার সাবেক গতিতারকা লাসিথ মালিঙ্গার সঙ্গে তুলনা করেছিলেন বিরাট কোহলি। সেই ঘটনা নজর এড়ায়নি মালিঙ্গার। তিনি বেশ মজাই পেয়েছেন কোহলির রসিকতায়।
ভারতের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ইয়র্কার লেংথে বল করেন সাকিব। দুটি বলেই রান পাননি কোহলি। ওভার শেষে সাকিব তখন ৩০ গজ বৃত্তের মাঝেই ফিল্ডিং করছিলেন। স্টাম্প মাইক্রোফোনের সৌজন্যে ননস্ট্রাইক প্রান্তে থাকা কোহলিকে বলতে শোনা যায়, ‘মালিঙ্গা হয়ে গেলে নাকি! ইয়র্কারের পর ইয়র্কার মারছ!’ এই কথায় সাকিবও বেশ মজা পান। এছাড়া ভারতীয় মিডিয়া দাবি করেছে, কোহলি সাকিবকে শুরুতে বলেছিলেন, ‘তুমি আমার মাল্লি।’
২০২০ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা লাসিথ মালিঙ্গা ইয়র্কারের জন্য বিখ্যাত ছিলেন। টানা ইয়র্কার লেংথে বল করতে পারতেন তিনি। চেন্নাই টেস্টে কোহলির এই মজা তার নজর এড়ায়নি। শ্রীলঙ্কার পেস কিংবদন্তি সেই ‘ভাইরাল’ ভিডিও রিটুইট করে ক্যাপশনে লিখেছেন ‘নিয়ামাই মাল্লি’। সিংহলিজ ভাষায় ‘নিয়ামাই’ বলতে বোঝানো হয় ‘চমৎকার’, বা ‘দারুণ’। আর ‘মাল্লি’ বলতে বোঝানো হয় ‘ভাই’।