কক্সবাজারের টেকনাফে খেলতে গিয়ে নিখোঁজের ৯ ঘণ্টা পর তাহমিনা আকতার (৭) নামে এক মেয়ের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর লাশ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডাঙ্গুর পাড়া থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত তাহমিনা একই এলাকার আব্দুল জলিলের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, সকালে তাহমিনা আক্তার প্রতিদিনের মতো মাদ্রাসায় পড়তে যায়। বেলা ১১টায় মাদ্রাসার ক্লাস শেষে সে বাড়ি ফিরে আসে। পরে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বের হয়। দুপুরের পরও তাহমিনা বাড়ি না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি শুরু করে।
ওসি বলেন, একপর্যায়ে রাত ৯টায় শাহপরীর দ্বীপের ডাঙ্গর পাড়ায় রাস্তার পাশে স্থানীয়রা সন্দেহজনক একটি বস্তা পড়ে থাকতে দেখেন। পরে তারা বস্তাটি খুলে এক শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্বজনরা জানিয়েছে, তাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। তারপরও কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।